letter

অপ্রেরিত চিঠি (১)

প্রিয়,
এই নামটি ছাড়া আপাতত তোমায় সম্বোধন করার মতো আর কোনো শব্দ আমার মনে-মগজে নেই। কারণ এ পৃথিবীতে আমার কাছে প্রিয় শব্দটার জন্মই হয়েছে তোমায় চিনে। সময় আর বেশ মূল্যবান মুহূর্তগুলো পুঁজি করার পর শব্দটার ব্যাপকতা ছাপিয়ে আরও গভীরভাবে তুমি আমার প্রিয় একজন হয়ে উঠেছো। চিঠি লেখার স্বাভাবিক নিয়ম ভঙ্গ করে প্রারম্ভিক কুশলাদি না জানতে চেয়েই বিনা ভণিতায় মনের কথা শুরু করেছি বলে রাগ হওনি নিশ্চয়ই? কী করবো, মস্তিষ্কের মতো মনকে সামলে রাখা তো এতটা সহজ নয়। সে বড্ড বেয়াড়া!

যাই হোক, চটপটে মেয়ে হয়েও আজকাল কেমন যেন শান্ত হয়ে গিয়েছি ভেতরটায়। তা বাইরে যা-ই প্রকাশ করি না কেন! তীব্র আবেগের সাথে আজকাল আর আপোস করতে পারি না। মনে হয়, আমি আর আমার ভেতর নেই। দিন দিন অসহায় হয়ে উঠছি কিছু একটা পাওয়ার আশায়। হারিয়ে যাওয়া মূল্যবান কিছু কীভাবে ফিরে পেতে হয়, আমার জানা নেই। এই শান্ত আমি আর হুট করেই কিছু চাইতে পারি না যখন তার মূল্যটা আমার কাছে সবচেয়ে বেশি হয়। প্রচণ্ড ভয় হয়। চাইলেই যদি দূরত্বটা আরও বেড়ে যায়! এখন আবেগের জায়গাটায় আমার অসহায়ত্ব এতটাই, তীব্র ধাক্কা আমি সামলানোর অবস্থায় নেই। হয়তো আত্মহত্যা করবো না, কিন্তু আত্মার মৃত্যুর পর একটা প্রাণহীন দেহ নিয়ে চলা আমি নিশ্চয়ই জীবিতদের কাতারে পড়বো না? যাই হোক, কোনো সহানুভূতি পাবার আশায় কথাগুলো তোমায় বলছি না। কোনো প্রকার ভণিতা কিংবা ভঙ্গিমা বাদ দিয়ে সরাসরি আমার মনের অবস্থা জানাচ্ছি। নিজের মনের চেয়েও যাকে আমি সারাটা জীবন পাশে পেতে চাই, তার মনের চাওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। স্বার্থপরের মতো ভালোবাসি বলেই জোর করে ভালোবাসা চাইতে পারবো না। তাই তোমার কাছেই জানতে চাচ্ছি, তোমার ভালোবাসা পাওয়া ছাড়া অসম্পূর্ণ এই সত্তাকে কি স্বেচ্ছায় ভালোবাসা দিতে পারো?

প্রতিটা সম্পর্কেই ভালো সময়, খারাপ সময় দুটোই থাকে। এটাই পৃথিবীর স্বাভাবিক নিয়ম। নিয়ন্ত্রণ তো শুধু উপরওয়ালার কাছে। তাই আমরা চাইলেই পারি না ব্যতিক্রম ঘটাতে। কিন্তু, মনের টান থাকলে অন্তত এটা তো পারি যে সকল ভুল বুঝাবুঝির অবসান দিয়ে, অপরের ভালোবাসাটাকে শ্রদ্ধা জানিয়ে আমৃত্যু পাশে থাকতে। আর এটা নিশ্চয়ই অস্বীকার করবে না যে, যেই মানুষটা নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে, সে স্বেচ্ছায় তোমার সঙ্গে খারাপ কিছু করতে পারে না। হয়তো প্রকৃতি সহায় হয়নি কিংবা পারিপার্শ্বিক কিছু কঠোর কারণে নেতিবাচক সময়ের মুখোমুখি হয়েছি আমরা। এর ফলে আমি অন্তত ভালো থাকতে পারিনি। তোমারটা যদিও জানি না। প্রতিটা ভালো মুহূর্তের স্মৃতি খুব বেশি পীড়া দিয়েছে আমায়। প্রচণ্ড বেসামাল হয়েও শুধুমাত্র তোমায় ফিরে পাবার সান্তনায় আর একটাবার সুযোগ দিয়েছি নিজেকে। জানি না ফলাফল কী হবে। শুধু জানি, সবকিছুর ঊর্ধ্বে তোমায় ফিরে পেতে চাই।

বলবো না ফিরে আসো। শুধু জানতে চাই, সব নিষ্ঠুর সময় ভুলে যেয়ে আবার ভালোবাসবে আমায়? আমাদের একসাথে কাটানো মূল্যবান সময়গুলোকে একটু মূল্য দেবে? আবারও আমার হাতটা ধরে আমার অসহায়ত্ব দূর করবে? ভুলগুলোকে ভুলের জায়গায় রেখে আবার ভালোবাসবে? শুধু ফিরে আসবে আমার হয়ে?

ভালোবাসা, তোমায় আরও আপন করে ভালোবাসতে চাই। তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার পুনর্জন্ম দিয়ে সেই সুযোগ আমায় করে দেবে না?

ইতি
তোমার ভালোবাসার জন্যে বেঁচে থাকা এক অমত্ত আত্মা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!